
দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। তবে এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে মাঠে জোরালো প্রতিবাদ করার মতো কোনো পক্ষকে খুঁজে পাচ্ছেন না বলে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নবীন সদস্য।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এই ক্ষোভ ও প্রতিবাদ জানান।
পোস্টে মেজর (অব.) আখতারুজ্জামান সরকারের আগের সিদ্ধান্তের কথা উল্লেখ করে লেখেন, সরকার আগে বলে আসছিল জ্বালানি তেলের দাম বাড়াবে না। কিন্তু জনগণ সরকারকে বিশ্বাস করেনি। ফলে দেশে জ্বালানি তেলের কালোবাজারি চরম আকার ধারণ করেছিল। এতে জনগণের ভোগান্তিও চরমে পৌঁছেছিল। এরপর সরকার তেলের দাম বাড়িয়ে সমস্যার সাময়িক সমাধান দেয়, যা পরে স্বাভাবিক হয়ে আসে।
“অথচ সরকার আজ থেকে আবার জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে দিল। কেন বা কী কারণে বাড়ালো, তার কোনো যৌক্তিকতা দেখানোরও কোনো প্রয়োজন মনে করল না।” লিখেন মেজর (অব.) আখতারুজ্জামান।
তিনি আরো লিখেন, সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে “প্রতিবাদ করার মতো কোনো পক্ষকেও দেখা যাচ্ছে না।”
তবে জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে তিনি চুপ থাকতে রাজি নন বলে পোস্টে জানিয়েছেন। মূল্য বৃদ্ধিকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, “আমি জ্বালানি তেলের এই অযৌক্তিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ না করলে জ্বালানি তেলের দাম বাড়তেই থাকবে।”
তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে তিনি সবার অংশগ্রহণ ও সমর্থন কামনা করেন।
-ইনফোজা প্রতিবেদন