আল্লাহ চাইলে মরার মধ্যেও জান দিতে পারেন, তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ :খালেদাকে দেখে এসে জামায়াত আমির
আল্লাহ চাইলে মরার মধ্যেও জান দিতে পারেন, তিনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে এসে এই মন্তব্য করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার রাতে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। এসময় তার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন আমির।
তিনি বলেন, বর্তমানে গভীর সংকটাপন্ন অবস্থায় খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন। আমি তাকে কাছ থেকে দেখে এসেছি। তার ডায়ালায়সিস চলছে। তিনি ডিপ সিচুয়েশনে আছেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমি মাত্র দেড়মিনিট সময় ওখানে দাঁড়িয়েছি। দু’চোখে দেখে আসতে পেরেছি, এটা আমার শান্তনা।
পরিবারের সদস্যরা যেন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন, এই কামনা করেন তিনি।
এর আগে রাত নয়টার দিকে খালেদা জিয়াকে দেখতে যান সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। -ইনফোজা প্রতিবেদন