নেত্রকোনার দুর্গাপুরে কিশোরের ছুরির আঘাতে ওয়াহিদুল ইসলাম ওরফে কেলিস (৩৫) নামের যুবক নিহত হয়েছেন। আঘাতকারী বিশ বছর বয়সি নুর মোহাম্মদ কিশোর গ্যাং সদস্য। তাকে আটক করেছে দুর্গাপুর থানার পুলিশ। শনিবার রাতে উপজেলার পৌর শহরের তেরিবাজার এলাকায় ওয়াহিদুল ইসলামকে ছুরি দিয়ে আঘাত করে সে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিলে ওয়াহিদুল ইসলাম কেলিস। এসময় একই এলাকার মজিবর মিয়ার ছেলে নূর মোহাম্মদকে শাসন করেন তিনি। পরে তার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ধারালো ছুরি দিয়ে ওয়াহিদুলের পেটে আঘাত করে পালিয়ে যায় নুর মোহাম্মদ।
আহতের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুর মোহাম্মদ সারক্ষণ একটা ধারালো ছুরি ও লাঠিসোটা নিয়ে এলাকয় চলাফেরা করতো বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার পর রবিবার ভোরে সদরের মালনি এলাকায় ফুপুর বাড়ি থেকে কিশোর নুর মেহাম্মদকে আটক করা হয়।
– নেত্রকোনা প্রতিনিধি