রকিব হাসান, ফ্যান্টাসি হয়েই থেকে যাবেন

জীবন11 months ago115 Views

অসাধারণ হয়েও সাধারণের মতো ছিলেন রকিব হাসান। তিনি ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক, চলে গেছেন আজ বুধবার। রাজধানীর এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। সেইসাথে শেষ হয়েছে এই লেখকের ইহ-সময়। তিনি এসেছিলেন ১৯৫০ সালের ডিসেম্বরের ১২ তারিখ, কুমিল্লায়।

নথিতে তাঁর নাম ছিলো আবুল কাশেম। লেখকনাম রকিব হাসান। রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দাকাহিনীতে বাংলাদেশে যে দুইটি নাম পরিচিত- তার একটি মাসুদ রানা সিরিজের লেখক কাজী আনোয়ার হোসেন। তিনি চলে গেছেন আগেই। আজ গেলেন ‘তিন গোয়েন্দা’র রকিব হাসান।

কিশোর, মুসা আর রবিন- এই তিন চরিত্রকে সাথে নিয়েই বড় হয়ে উঠে বাংলাদেশের কিশোরেরা। লোহা-লক্করের জঞ্জালের ভেতর এরা মিটিং করে। পরিকল্পনা করে গোয়েন্দাগিরির। কিশোর, মুসা আর রবিনদের অভিযান থাকে ছায়াশ্বাপদে, মোকাবেলা করে রত্নদানো।

দুর্দান্ত এই কিশোর গোয়েন্দাদের স্রষ্টা যিনি, তিনি পাঠকের কাছে ফ্যান্টাসি হয়েই ছিলেন। রকিব হাসান দেখতে কেমন, কোথায় থাকেন, কেমন চলেন এসবের কিছুই জানতো না তারা। এমনকি একটা সময় ছবি প্রকাশ করতেও বারণ ছিলো তাঁর। জীবনের শেষদিকে এসে গণমাধ্যমের চাপে অনেকটা বাধ্য হয়েই ছবি প্রকাশ করতে রাজি হন এই লেখক।

এর আগে কেন প্রকাশ করেননি?
রকিব হাসান বলেছিলেন, পাঠকের কাছে তাঁর নামটা ফ্যান্টাসি হয়েই থাকুক।
তারা ভাবুক নিজের মতো করে।

পাঠকের কাছে রকিব হাসান ছিলেন একটি নাম। তাঁর কোনো অবয়ব ছিলো না। কেউ হয়তো ভেবে নিতেন, তিনি রাত-দুপুরে ভূতের হাসি দেখে অভ্যস্ত। নিয়মিত ঘুরে বেড়ান ভীষণ অরণ্যে। মোকাবেলা করেন ড্রাগনের আগুন। পাহাড়ের খাঁজে খুঁজেন হারানো উপত্যকা। কেউ হয়তো ভাবতেন, তিনি মহাকাশ থেকে আসা এক আগন্তুক।

এখন মহাকাশ হয়ে চলে গেছেন, যেখানে যেতে হয় প্রতিটি মানুষকে।

রকিব হাসান, এক ইন্দ্রজাল তৈরি করেছিলেন। এই জাল ভেদ করে খুব কম লোক-ই কাছ থেকে তাকে আবিষ্কার করতে পেরেছেন।

তিনি মূলত ছিলেন সোজা-সাপটা। বলতেন সারাসরি। বৌদ্ধমন্দির এলাকার একটা গলিতে তার বাড়ি। সেখানে সাধারণ আট-দশটা লোকের মতোই ছিলো তাঁর জীবন। বাড়ি থেকে বের হতেন পুরনো দিনের লম্বা ডাঁটওয়ালা ছাতা নিয়ে। প্রতিবেশিদের অনেকই জানতো না, তিনি সেই রকিব হাসান।

গণমাধ্যমে ছবি আসার আগে, রকিব হাসান যখন বইমেলায় যেতেন, অন্য লেখকদের মতো তাকে নিয়ে এতোটা ভীড় হতো না। তিনি স্টলে-স্টলে ঘুরতেন, সাধারণের মতোই। তিনি দেখতেন- তাঁর চোখের সামনেই পাঠকেরা লাইন ধরে কিনছে তিন গোয়েন্দা। অথচ তাঁকে চিনতে পারছে না কেউ।
এই দৃশ্য তাঁকে আরাম দিতো। তিনি থাকতে চাইতেন নির্ঝঞ্জাট। আর নিজেকে আড়াল করে রেখেছিলেন এক অভূতপূর্ব রহস্যের ভেতর।

তিন গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসানের মৃত্যুতে ইনফোজা পরিবার শোকাহত।

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...