অধিকৃত পশ্চিম তীরে গত রবিবার দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। এ সময় তারা একটি মসজিদ ও দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি আহত হয়েছেন। খবর মিডলইস্ট মনিটর
ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেব্রনের মাসাফের ইয়াত্তার অন্তর্গত তুওয়ানা শহরে একটি মসজিদে আগুন দেয় ইসরায়েলি দখলদাররা। এতে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, দখলদাররা দলবেঁধে গ্রামে ঢুকে পড়ে এবং দাহ্য পদার্থ ব্যবহার করে মসজিদে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় বাসিন্দা ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নেভানোর চেষ্টার সময় ইসরাইলি সেনাদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ বেঁধে যায়। সেনারা মূলত আক্রমণকারী দখলদারদের সুরক্ষা দিতে সেখানে অবস্থান করছিল।
মসজিদে এই হামলাকে একটি ‘পুরোদস্তুর সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে ফিলিস্তিনি মন্ত্রণালয়। তুওয়ানা শহরের পৌরপ্রধান মুহাম্মদ রাবাই ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ‘ওয়াফা’-কে জানান, ‘হাভাত মাওন’ নামের একটি অবৈধ বসতি থেকে ইসরায়েলি দখলদাররা এসে গ্রামে হামলা চালায় এবং মসজিদ ও দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
একই জেলার বুরকা গ্রামের পশ্চিম প্রবেশদ্বারটি মাটির স্তূপ দিয়ে বন্ধ করে দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তারা বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং স্থানীয় ফিলিস্তিনিদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে।
জেনিনের কাবাতিয়া শহরে বাড়িঘরে অভিযান চালিয়ে দুই তরুণকে গ্রেপ্তার করেছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়া রামাল্লার পূর্বে আল-মুঘাইর গ্রাম থেকে আরও তিন ফিলিস্তিনি এবং বেথলেহেম থেকে একজনকে আটক করা হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রামাল্লার রামুন গ্রামের পূর্ব পাশে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমিতে ফসল নস্ট করার উদ্দেশে দখলদাররা ভেড়ার পাল ছেড়ে দিয়েছে।