নীরব হলো আপসহীন কণ্ঠ, শোকস্তব্ধ বাংলাদেশ

জাতীয়3 months ago52 Views

আর নেই ‘আপসহীন নেত্রী’, আর নেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অগ্রপথিক। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ খবরে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে দেশের রাজনৈতিক অঙ্গনে। জাতি হারায় এক অভিভাবককে, হারায় গণতান্ত্রিক আন্দোলনের এক শক্ত কণ্ঠস্বরকে।
শেষ মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে উপস্থিত ছিলেন তাঁর জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর পাশে ছিলেন পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট পুত্রবধূ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকবৃন্দ।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, ভোর সাড়ে ৬টার দিকে তারেক রহমান তাঁকে বলেন, “আম্মা আর নেই।” এই একটি বাক্যেই যেন থমকে যায় বহু বছরের রাজনীতি, সংগ্রাম আর আবেগে ভরা একটি অধ্যায়।
দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন বেগম খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হলে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে বয়সজনিত দুর্বলতা ও দীর্ঘদিনের অসুস্থতা তাঁকে ক্রমশ নিঃশেষ করে দিচ্ছিল। সর্বশেষ গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের বেশি সময় ধরে প্রাণপণ চিকিৎসা চললেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
সামরিক শাসনবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নারী নেতৃত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে অনস্বীকার্য। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের রাজনীতিতে গড়ে উঠেছিল এক শক্ত বিরোধী ধারা। ‘দেশনেত্রী’, ‘আপসহীন’—এই উপাধিগুলো কেবল শব্দ ছিল না, ছিল তাঁর আপসহীন সংগ্রামের স্বীকৃতি।
খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে বেগম খালেদা জিয়া চিরবিদায় নিলেন তাঁর প্রিয় দেশবাসীর কাছ থেকে। রেখে গেলেন সংগ্রাম, স্মৃতি আর অগণিত অনুসারীর ভালোবাসা। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে তাঁর নাম লেখা থাকবে সাহস, দৃঢ়তা আর আপসহীনতার প্রতীক হয়ে। – ইনফোজা প্রতিবেদন

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...