
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেছেন, যেন তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় জামায়াত আমির লেখেন,
“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং তাঁর প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
তিনি আরও লেখেন, “তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।”
মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।
গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এর আগেই জানিয়েছিলেন, দেশনেত্রী এক সঙ্কটসময় পার করছেন।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গন ছাড়াও দেশের সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোক। তাঁর বিদায়ে বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল।