
সিডনি: বন্ডাই সৈকতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর অস্ট্রেলিয়ার পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোতে ব্যাপক সংস্কারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
গত রবিবার সিডনির পরিচিত সমুদ্রসৈকত বন্ডাইতে একটি ইহুদি উৎসব লক্ষ্য করে গুলি চালিয়েছে দুই বন্দুকধারী। পরে এই ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করা হয়। হামলায় নিহত হয়েছে ১৫ জন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ইসলামিক স্টেট (আইএস) মতাদর্শে অনুপ্রাণিত ছিলো।
এ বিষয়ে প্রধানমন্ত্রী্ অ্যালবানিজ বলেন, “আইএসআই অনুপ্রাণিত এই নৃশংস হামলা আমাদের দেশের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রয়োজনীয়তা স্পষ্ট করে দিয়েছে। আমাদের নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ সক্ষম থাকতে হবে।”
হামলায় জড়িত ২৪ বছর বয়সি নাভিদের বিরুদ্ধে ১৫টি হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার মোট ৫৯টি অভিযোগ রয়েছে।
নৃশংস এই হামলার প্রেক্ষিতে দেশটিতে গোয়েন্দা সংস্থা সংস্কারের কাজ ২০২৬ সালের এপ্রিলের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যালবানিজ।
এই সংস্কারে অস্ট্রেলিয়ার ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা, কাঠামো এবং তথ্য বিনিময় ব্যবস্থার যথার্থতা খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, “ভয়াবহ এই ইহুদিবিরোধী হামলার পর অস্ট্রেলিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সংস্থাগুলো যথেষ্টভাবে প্রস্তুত কিনা, তা প্রধানমন্ত্রীর দপ্তর ও মন্ত্রিসভা মূল্যায়ন করবে।”
রবিবার অস্ট্রেলিয়াজুড়ে জাতীয় শোক ও স্মরণ দিবস পালন করা হয়। হামলার এক সপ্তাহ পূর্তিতে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে সারা দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সিডনিতে এক স্মরণসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী অ্যালবানিজ বিক্ষোভ ও দুয়োধ্বনির মুখে পড়েন। এসময় এক বিক্ষোভকারী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অভিযোগ তুললে পুলিশ তাকে নিয়ন্ত্রণে আনে।
হামলার প্রতিক্রিয়ায় ফেডারেল সরকার আগ্নেয়াস্ত্র আইন আরো কঠোর করার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
এর আগে, অস্ট্রেলিয়ার গভর্নর-জেনারেল সামান্থা মোস্টিন বন্ডাইতে ‘ন্যাশনাল কাউন্সিল অব জিউইশ উইমেন অস্ট্রেলিয়া’ আয়োজিত এক প্রার্থনা সভায় বক্তব্য দেন এবং অস্ট্রেলিয়ান সমাজে ইহুদি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
ভয়াবহ এই ট্র্যাজেডির মধ্যেও স্বাভাবিক জীবনে ফিরে আসছে বন্ডাই সৈকত। ধীরে ধীরে ফিরছে দৈনন্দিন কার্যক্রম। দেখা যাচ্ছে সার্ফার ও দৌড়বিদদের উপস্থিতিও।
সপ্তাহের শেষের দিকে শুরু হয়েছে শিশুদের সার্ফ ক্লাবের কার্যক্রমও।
সৌদি গ্যাজেটের প্রতিবেদন অবলম্বনে বর্ণালী শীল সুতপা