তারপরও বিএনপিকে খুশি করতে চাইছেন নুর!

নুরুল হক নুর, ২০১৮ সালে কোটাসংস্কার আন্দোলন থেকে যার উত্থান। সেই আন্দোলনের ধারাবাহিকতায় এসেছে ২০২৪, বদলে দিয়েছে গোটা বাংলাদেশকে।

ফ্যাসিবাদের তুমুল নির্যাতনের সময়েও ডাকসুর ভিপি হয়েছিলেন তিনি। পেয়েছিলেন জনপ্রিয়তা। তবে এর মধ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে বহু বিতর্কও।

নতুন রাজনীতিতে বড় দু’টি বলয় বিএনপি এবং জামায়াতকে ঘীরে ঘুরপাক খাচ্ছে। আগামী নির্বাচনে নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ থাকছে কোন বলয়ে?

জোট নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির সভাপতি নুর। বুধবার বিকালে নির্বাচন ভবনে বৈঠক শেষে তিনি বলেছেন, বিএনপির সাথে বন্ধুত্ব আছে, আলাপ চলছে জামায়াতের সাথেও। এর বাইরেও একটি জোট গঠন হতে পারে।

তিনি বলেন, আমরা একটা রাইজিং দল হিসেবে দলকে বিকশিত করতে প্রার্থী বাছাই, গণসংযোগ নিয়ে কাজ করছি। আপাতত জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেইনি।

নুরের নির্বাচনী এলাকা পটুয়াখালী-৩। ওই আসনে তার প্রচারে সহযোগিতা করতে স্থানীয় বিএনপিকে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে দলটির কেন্দ্র থেকে। কিন্তু এই চিঠি পাওয়ার পরও লাগাতার তোপের মুখে পড়তে হয়েছে নুরকে। এতে বিএনপির প্রতি পুরোপুরি আস্থা রাখতে পারছে না গণঅধিকার পরিষদ।

তারপরও বিএনপির আশা একেবারে ছেড়ে দেননি তিনি, এমনটাই মনে করেন বিশ্লেষকরা।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গেও আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। চেষ্টা করছেন বিকল্প জোট গঠনেরও।

বিকল্প জোট করতে কি এনসিপির সঙ্গে দর-কষাকষি করছেন তিনি?

সরকারে থাকা শিক্ষার্থী-উপদেষ্টাদের নির্বাচনে অংশ নেওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নুর। তিনি বলেন, সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সুবিধাবোগী কেউ যেন ইমিডিয়েট ইলেকশনে অংশ না নিতে পারে। এতে ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, ‘এই মুহুর্তে দু’টো নির্বাচন করার বাস্তবতা নাই। এখানে আমরা যে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। তাদের কিছুটা হলেও প্রভাব আছে। জুলাই অংশীদারদের মধ্যে গণভোট নিয়ে যদি ডিভিশন থাকে, গণভোটে গেলেও জুলাইসনদ গৃহীত হয় কি না, সেটা নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হবে। কাজেই যেখানে ঐক্যমত তৈরি হয়, আমাদের সেপথেই হাঁটা উচিত।’

বাংলাদেশের রাজনীতি এখন অনেকটাই বিভক্ত জুলাইসনদ নিয়ে। এই সনদের গণভোট নির্বাচনের আগে হবে নাকি, নির্বাচনের দিন?

বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে দু’টি বড় বলয়। তবে নুরুল হক নুর মনে করেন, গণভোট নিয়ে বিভক্তি থাকলে, জুলাইসনদ গৃহীত নাও হতে পারে। তখন দেখা দিতে পারে অনিশ্চয়তা।

বুধবার নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর তার এই মন্তব্যকে ঘিরে কৌতুহল তৈরি হওয়াটাই স্বাভাবিক। অনেকে মনে করছেন, বিএনপিকে খুশি করতেই এমন মন্তব্য করেছেন তিনি।

৯টি প্রস্তাবনা নিয়ে নির্বাচন কমিশন (ইসির) সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদের প্রতিনিধিদল। সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে এই বৈঠকে অংশ নিয়েছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান দপ্তর সম্পাদক শাকিল উজ জামান। বৈঠক শেষে নুরুল হক নুর জানান, আগামী নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে। একইসাথে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ১৪ দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার জন্য দলের পক্ষ থেকে ইসিকে অনুরোধ করা হয়েছে।

0 Votes: 0 Upvotes, 0 Downvotes (0 Points)

Leave a reply

Loading Next Post...
Follow
Search Trending
Popular Now
Loading

Signing-in 3 seconds...

Signing-up 3 seconds...