
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: তীব্র গরমের পূর্বাভাস মাথায় রেখে নিউইয়র্ক সিটিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাবলিক পুলের মরশুম। আর এই উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কোনো রকম প্রোটোকলের তোয়াক্কা না করে, গায়ে কোট-টাই আর পায়ে মোজা পরা অবস্থাতেই শিশুদের সাথে পুলে ঝাঁপ দিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি! গত শনিবার ইস্ট হারলেমের থমাস জেফারসন পুলে এই মজার ঘটনাটি ঘটে। ড্রেস কোড ভাঙার এই রসাত্মক মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মেয়র নিজেই রসিকতা করে লিখেছেন, “সবাই যখন বলেছিল পুলে আসার সময় একটা ‘স্যুট’ (সুইমিং স্যুট) পরে আসতে, আমি ভেবেছিলাম এই বিজনেস স্যুটের কথাই বলা হচ্ছে…”
খোঁজ নিয়ে জানা গেছে, স্যুট পরে মেয়রের পুলে ঝাঁপ দেওয়ার এই ঘটনা স্রেফ কোনো তাৎক্ষণিক খামখেয়ালিপনা নয়, এটি আসলে সিটি হলের একটি বহু পুরোনো ঐতিহ্য। আজ থেকে ঠিক ৯০ বছর আগে, ১৯৩৬ সালে তৎকালীন মেয়র ফিওরেলো লা গার্ডিয়া নিউইয়র্ক সিটিতে বড় আকারে পাবলিক সুইমিং পুলের আধুনিকায়ন শুরু করেছিলেন। সেই সময় থেকেই এই ডাইভের চল শুরু হয়।
পরবর্তী সময়ে মাইকেল ব্লুমবার্গ ২০১৩ সালে শেষবার এমন ঐতিহ্যবাহী ডাইভ দিয়েছিলেন। এরপরের দুই মেয়র—বিল ডি ব্লাজিও কিংবা এরিক অ্যাডামসের আমলে এই প্রথাটি বন্ধ ছিল। দীর্ঘ ১৩ বছর পর ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মতাদর্শের নতুন তরুণ মেয়র জোহরান মামদানি আবার সেই পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনলেন।
গ্রীষ্মের এই খরতাপে কুইন্স (জ্যাকসন হাইটস, জামাইকা, অ্যাস্টোরিয়া), ব্রুকলিন এবং ব্রঙ্কসের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী পরিবারের জন্য এই পুলগুলো হতে পারে সেরা স্বস্তির জায়গা। পার্কস কমিশনার ট্রিসিয়া শিমামুরা জানিয়েছেন, এবার সিটির ১৮টি পুলে সম্পূর্ণ বিনামূল্যে সাঁতার শেখার কোর্স ‘Learn to Swim’ চালু করা হয়েছে।
আমাদের বাংলাদেশী কমিউনিটির অনেক অভিভাবকই নিজেরা সাঁতার না জানায় সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন। তাই এই গ্রীষ্মে আমাদের বাংলাদেশী ভাই-বোনদের জন্য রইল কিছু জরুরি তথ্য:
বাঙালিদের প্রিয় আড্ডার জায়গা জ্যাকসন হাইটস বা অ্যাস্টোরিয়ার কাছাকাছি বেশ কিছু চমৎকার পাবলিক পুল রয়েছে। আপনার কাছের পাবলিক পুল https://www.nycgovparks.org/facilities/outdoor-pools এই সরকারি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। তাই আর দেরি না করে এই গরমের ছুটিতে বাচ্চাদের নিয়ে ফ্রিতে সাঁতার শেখার এবং শরীর সতেজ রাখার এই চমৎকার সরকারি সুযোগটি লুফে নিন। তবে হ্যাঁ—মেয়রের মতো কোট-টাই পরে নয়, প্রপার সুইমিং কস্টিউম নিয়েই পুলে নামবেন কিন্তু!