সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক নয়া দিগন্ত সম্পাদক। তাঁর বিশেষ সাক্ষাৎকার নিয়েছে ইনফোজা। এতে তিনি জানিয়েছেন নিজের অভিজ্ঞতা। উঠে এসেছে রাজনীতি ও সাংবাদিকতার জটিল বাস্তবতা। ইনফোজার পক্ষ থেকে সাক্ষাৎকারটি নিয়েছেন শরিফুল ইসলাম
সাক্ষাৎকারটি কয়েক পর্বে প্রচার হবে। প্রথম পর্বে তিনি গণমাধ্যম পরিচালনার নানা চ্যালেঞ্জ, সংবাদকর্মীদের সুরক্ষা এবং সম্পাদক হিসেবে দায়িত্ববোধের কথা তুলে ধরেছেন। অধীনস্থ সাংবাদিকদের কীভাবে সুরক্ষা দেওয়া উচিত, সেটা ব্যাখ্যা করেছেন নিজের অভিজ্ঞতা থেকে। জানিয়েছেন সংবাদপত্র পরিচালনার নানাদিক।
মীর কাসেম আলীর স্মৃতি
সাক্ষাৎকারে শহীদ মীর কাসেম আলীর শেষ সময়ের স্মৃতি উল্লেখ করেন নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর। তিনি জানান, মৃত্যুদণ্ড কার্যকরের আগেই ডেথ সেল থেকে মীর কাসেম আলী তাকে ফোন করেছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন- মীর কাসেম ভাই, আপনি কেমন আছেন?
জবাবে খুব ভালো আছেন বলে জানিয়েছিলেন মীর কাসেম আলী।
বাবর বলেন, ‘এই অবস্থায় থেকে ভালো আছেন, সেটা একজন মহাপুরুষ ছাড়া কে বলতে পারে? তারপর তিনি বললেন, আমি চলে যাচ্ছি। এই প্রতিষ্ঠান আপনাদের হেফাজতে রেখে গেলাম। এটা হলো স্পিরিট।’
ফরহাদ মজহার প্রসঙ্গ ও ইসকন বিতর্ক
সাক্ষাৎকারে উঠে আসে লেখক ফরহাদ মজহারকে ঘিরে একটি পুরনো ঘটনার কথাও। বাবর বলেন, ইসকনবিরোধী একটি লেখা প্রকাশের পর চাপের মুখে পড়তে হয়েছিলো নয়া দিগন্তকে। সেসময় পরিস্থিতি কীভাবে সামাল দিয়েছেন, তার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।
আন্তর্জাতিক নির্বাচন কাভারের অভিজ্ঞতা
বিদেশ সফরের অভিজ্ঞতা উল্লেখ করতে গিয়ে বাবর ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা শেয়ার করেন। এসব দেশের রাজনৈতিক পরিবেশ, নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটের দিনগুলোর পরিস্থিতি সম্পর্কে তার অভিজ্ঞতার বর্ণনা সাক্ষাৎকারে উঠে আসে।
রাজীব গান্ধী ও জিয়াউর রহমানের মৃত্যু- দুটি স্মৃতি
রাজিব গান্ধী যখন মারা যান, তখন তিনি ভারতে ছিলেন। সাক্ষাৎকারের প্রথম পর্বে সালাহউদ্দিন বাবর জানিয়েছেন সেই অভিজ্ঞতাও। এর সাথে তুলনা করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর সময়কেও। ওইদিন রাজধানীতে হাজার হাজার লোকের মাতম দেখেছেন বলে জানিয়েছেন তিনি।
সাক্ষাৎকারের প্রথম পর্বটি দেখুন ওয়েবসাইটে যোগ করা ভিডিও থেকে।