
শরৎ বাবুর চুল পেকেছে
গোঁফগুলো তার full পেকেছে
চুলগুলো তার মেঘ হয়েছে
ওড়ার বুঝি বেগ হয়েছে
ফুলছে হাওয়ায় হাওয়ায়।
গোঁফগুলো তার কাশের বনে
বিকেলবেলায় সংগোপনে
দুলছে হাওয়ায় হাওয়ায়।
কাশের বনে আকাশ নীলে
হাওর নদী বাঁওড় বিলে
বকের সাদা পালক।
বরুন গাছের ফল কুড়িয়ে
সাদার মায়ায় বল ফুরিয়ে
হাঁটছি আমি বালক।
ঝিলের তলায় চিলতে পানি
শাপলা-সাদা সেটাও জানি
ঘেচুর স্বাদে খুকি
ক্ষেতের আলে পা ভিজে যায়
কানশিরে ফুল পাপড়ি ছড়ায়
মৌ-লতা দেয় উঁকি।
বন-খঞ্জন মাকড় খুঁজে;
আশ্বিনা মেঘ চক্ষু বুজে
ছিটায় বৃষ্টি ফোটা
কুড়মুড়ে স্বাদ ঢ্যাপের মোয়া
ঘ্রান ছড়ালো তালের কোয়া
পিঠাতে দেয় ওটা।
শরৎ বাবু সাদার রাজা
শিউলি-ঘ্রাণে ভীষণ তাজা
হাওয়ায় হাওয়ায় ওড়ে
এই সময়ে গ্রামের মায়ায়
ব্যাঙের ছাতার সাদার ছায়ায়
জোহার হৃদয় পোড়ে।
জোহা খাতায় ফুল এঁকেছে
মেঘটাকে তুলতুল এঁকেছে।
ছন্দে দোদুল-দুল এঁকেছে
কিছু ছবি ভুল এঁকেছে।
শরৎ বাবুর চুল পেকেছে
গোঁফগুলো তার full পেকেছে।