দুপুর তখনো গড়ায়নি। হাওরে পুরাতন ধলেশ্বরী নদীতে ঘন হয়ে উঠতে থাকে জেলেদের বিক্ষোভ। মাথার ওপর রোদঝলমল আকাশ। ধলেশ্বরীর পানিতে অর্ধশত জেলেনৌকার ঝড়।
ইঞ্জিনের ঠাঁ ঠাঁ শব্দ। আর জেলেদের মুখে স্লোগান, ‘উন্মুক্ত, উন্মুক্ত’। ওই মিছিল থেকেই জলমহাল উন্মুক্ত ঘোষণা করেন জেলেরা।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের হুমাইপুর এলাকা। এখানকার জেলেদের অভিযোগ, ধলেশ্বরীর এই জলমহালটি দখল করে রেখেছেন স্থানীয় বিএনপি নেতারা। জেলেরা মাছ ধরতে গেলে গুলি করার হুমকিও দেওয়া হয় তাদের।
রাজস্ব’র দায়িত্বে থাকা কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ইসলাম জানিয়েছেন,
“জলমহালটি নিয়ে হাইকোর্টে স্থিতাবস্থা রয়েছে।’
সবাইকে হাইকোর্টের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।
তবে জেলেদের অভিযোগ, নদী ছাড়া তাদের পেটে টান পড়ে। নদীতে মাছ না ধরলে চুলায় পাতিল উঠে না। জাল নিয়ে মাছ ধরতে গেলে প্রভাবশালীরা চাঁদা দাবি করে।
এই অভিযোগের বিষয়ে বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ঠিক নয়, সম্পূর্ণ মিথ্যা।”
কিন্তু জেলেদের পেটের ক্ষুধা মিথ্যা নয়। আর এই ক্ষুধা থেকেই ‘উন্মুক্ত, উন্মুক্ত’ বলে স্লোগান তুলেছেন তারা। নৌকার মিছিল নিয়ে ‘মুক্ত’ করেছেন জলমহাল।
ধলেশ্বরীকে সবসময় মুক্তই রাখতে চান তারা। – ইনফোজা প্রতিবেদন