বিএনপির মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে সোমবার রাত ১১টার দিকে এই মিছিল করা হয়। প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী এতে অংশ নেন।
মিছিলটি যখন কামালপুর গ্রামের দিকে এগিয়ে যায়, তখন ২০ থেকে ২৫ জন কর্মী হঠাৎ দিক পরিবর্তন করে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে প্রবেশ করে।
সেখানে গিয়ে তারা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালা, আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এসময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো প্রাণহানী বা আহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই পুলিশ এলাকায় সতর্ক অবস্থান নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।