নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি: সারজিস

জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা না আসা পর্যন্ত সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার দুপুরে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যেদিন জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হবে, যেদিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে এবং গণভোটে যদি জুলাই সনদের পক্ষে রায় আসে—সেদিনই এনসিপি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে নির্দ্বিধায় সেই সনদে স্বাক্ষর করবে। তার আগে কোনো নিশ্চয়তা ছাড়া, শুধুমাত্র একটি কাগজে লেখা প্রতিশ্রুতিতে স্বাক্ষর করে জনগণের সঙ্গে প্রতারণা করতে পারবে না।”

নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে সারজিস বলেন, “নির্বাচন কমিশন অনেক জায়গায় স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণ করছে। এনসিপি এমন কমিশনের ওপর আস্থা রাখতে পারে না। প্রয়োজনে এনসিপি রাজপথে নেমে নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনও করবে।”

জোট রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নেতা বলেন, “শুধু সংসদে যাওয়ার বা জোট গঠনের চিন্তা এনসিপি করছে না। আমরা মনে করি—যে রাজনৈতিক দলগুলো জুলাই সনদের প্রতিটি সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, বিচারিক প্রক্রিয়াকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে প্রস্তুত, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ—তাদের সঙ্গেই ভবিষ্যতে ঐক্য হতে পারে।”

দলটির শীর্ষ এই নেতা আরো বলেন, “আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যের প্রশ্নে বিএনপি এবং জামায়াত একভাবে নেতৃত্ব দিতে পারবেনা, সেই জায়গায় এনসিপির প্রতিনিধিত্ব আবশ্যক।”

তিনি বলেন, “আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্থার এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিত করতে এককভাবে বিএনপি ও জামায়াত নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্ম ও এনসিপির অংশগ্রহনের নিশ্চয়তা আবশ্যক।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক খাইরুল কবির, সংগঠক সাঈদ উজ্জ্বল, এবং কেন্দ্রীয় সদস্য দিদার শাহসহ জেলার স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা দলীয় নীতিমালা, সাংগঠনিক কাঠামো এবং আগামী রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। – ইনফোজা প্রতিবেদন

Leave a reply

    Join Us
    • Facebook
    • Youtube
    Deal Of The Month
      Categories

      Advertisement

      Loading Next Post...
      Follow
      Search Trending
      Popular Now
      Loading

      Signing-in 3 seconds...

      Signing-up 3 seconds...