
নতুন গান ‘জুলাই’ এখন তুমুল আলোচনায়। জিয়া হকের লেখায় গানে সুর ও কণ্ঠ দিয়েছেন আবু উবায়দা। সোমবার ফেসবুক পেজে গানের ডেমো ভার্সনটি পোস্ট করেন গায়ক উবায়দা। প্রকাশের কয়েক ঘণ্টার ব্যবধানে গানটির ভিউ প্রায় দশ লাখের কোটা ছুঁয়ে যায়।
শিল্পী আবু উবায়দা বলেন, “জুলাই সেই আগুন, সেই অস্থিরতা, সেই না বলা কথা, সেই চোখের ভাষা, যা সময় পেরিয়ে গেলেও মুছে যায় না।”
গানটি ভালো লাগবে বলে আশা রাখেন তিনি।
গীতিকার জিয়া হক বলেন, “জুলাই গানটি শুনলে মনে হবে মনের কথা শুনছেন। গানের ডেমো রিলিজের পর হাজার হাজার টেক্সট পাচ্ছি আমি।”
“জুলাই আমার বুকের ভেতর ইনকিলাবের ফুল/ জুলাই আমার জিন্দাবাদের ইনসাফ দুলদুল/ জুলাই আমার নাম-পরিচয়— হুজুর হুজুর না না/ জুলাই আমার প্রতিবাদের প্রতিরোধের ডানা।” — লাইনগুলো এখন নেটিজেনদের টাইমলাইনে ঘুরছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে নিয়ে জিয়া হকের লেখা ‘হাদির জিন্দাবাদ’, ‘হাদি তুই ফিরে আয়’, ‘মাহদির ঝংকার’ ও ‘কোটি হাদির ডাক’-এর মতো বিপ্লবী কবিতা ও গান নেটদুনিয়ায় সাড়া ফেলে।