জেলার দাবিতে রেলপথ ব্লকেড করে ভৈরববাসী। ‘জেলা জেলা জেলা চাই ভৈরব জেলা চাই’, ‘ওয়ান টু থ্রি ফোর কিশোরগঞ্জ নো মোর’, ‘ইন্টেরিম সরকার জেলা মোদের দরকার’, ইত্যাদি স্লোগানে উত্তাল ভৈরবের রেলপথ।
নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন লাল নিশান টানিয়ে আটকে ভৈরব জেলা ঘোষণার দাবিতে রেলপথ ব্লকেড কর্মসূচি পালন করে ভৈরবের সর্বস্তরের জনতা।
ভৈরব স্টেশনে ট্রেনটির বিরতি ছিল না। কিন্তু স্টেশনে রেললাইনের ওপর শতশত লোকজন দাঁড়িয়ে থাকা ও কয়েকটি লাল নিশান ছাত্র-জনতার হাতে দেখে ট্রেনটি থামাতে বাধ্য হন লোকো পাইলট। এ সময় ছাত্ররা ট্রেনের ইঞ্জিনের উপর উঠে স্লোগান দিতে থাকে ‘ভৈরব জেলা চাই’।
ঘটনার সময় রেলওয়ে পুলিশ ও স্টেশনের নিরাপত্তা কর্মীরা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। এছাড়া স্টেশনের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করলেও তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি। ট্রেনটি আটকা পড়ার কারনে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে ছিলেন দেড়ঘণ্টা।